অভিযোগ বার্তা ডেস্কঃ
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি একই দিনে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, মোছা. সুলতানা পারভীন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় (সাবেক জেলা প্রশাসক, কুড়িগ্রাম) ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সিনিয়র দায়রা জজ আদালত, কুড়িগ্রামে হাজির হয়ে ফৌজদারি মিস মামলা নম্বর-১৩৪৫ /২০২৫; জি আর ৮৩/২০২০ (কুড়িগ্রাম)-এ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।
যেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী সরকার তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন।
সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী মোছা. সুলতানা পারভীন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়কে ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে কুড়িগ্রামের সাবেক এই ডিসি সাংবাদিক আরিফের করা মামলায় গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাঁকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার