জামাল খান,ভোলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে বিএনপির কোনো তুলনা চলে না, তবে দলটির যেকোনো অপকর্মের বিরুদ্ধে এনসিপি সর্বদা সোচ্চার ও আপসহীন থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ একটি খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী দল। ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাদের পতন ঘটেছে এবং তাদের রাজনৈতিক কবর রচিত হয়েছে। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা আমরা প্রত্যাশা করি না।”
বিএনপির বর্তমান রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, বিএনপি যদি চাঁদাবাজি, জমি দখল বা টেন্ডারবাজির মতো অপকর্মে জড়ায়, তবে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। রাজপথের বিরোধী শক্তি হিসেবে গত ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থে দলটির ভুলত্রুটি ও কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক সমালোচনা অব্যাহত রাখা হবে।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এনসিপির তৃণমূল সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার