ঢাকা: আজ শনিবার (৩০ মে), বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তা।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে দিশেহারা জাতিকে যুদ্ধের দিকনির্দেশনা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। সশস্ত্র মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের অধিনায়ক এবং ১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেন তিনি। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনেন।
তাঁর প্রবর্তিত ‘১৯ দফা’ কর্মসূচির ওপর ভিত্তি করে দেশে খাল খনন কর্মসূচি, গণশিক্ষা, সবুজ বিপ্লব এবং শিল্পায়নের এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়। তৈরি পোশাক খাত ও জনশক্তি রপ্তানির মতো বৈপ্লবিক সিদ্ধান্তের সূচনাও তাঁর হাত ধরেই হয়েছিল। এছাড়াও তিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবক্তা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও শান্তি বজায় রাখতে ‘সার্ক’ গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন।
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনে বিএনপি দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে দেশবাসীকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার