অভিযোগ বার্তা ডেস্কঃ
রাজধানী ঢাকায় আবারও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক, দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। তাদের ওপর এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
কাকরাইল ও বাংলাদেশ ব্যাংকের পিছনে পৃথক পৃথক
হামলায় আহত হন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন।
এবং জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে দলীয় কোন্দল ও সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচার করার সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। লাইভ চলাকালীন তার মাথায় ইট ছুড়ে মারা হয়, এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় বাংলানিউজের ফটো সাংবাদিক মুজিবর রহমান সহ আরও কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ধারাবাহিক হামলার ঘটনায় দেশের সাংবাদিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রতিনিয়ত জীবন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্ভয়ে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানািয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তাদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার