অনলাইন ডেস্ক:
স্বপ্ন ছিল দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে আপনজনদের বুকে ফিরে আসার। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই মাঝআকাশে থেমে গেল জীবনের চাকা। ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহুবন্দ গ্রামের প্রবাসী ফখরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে ইতালিতে কঠোর পরিশ্রম করছিলেন ফখরুল। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের মাটিতে দিনরাত ঘাম ঝরিয়েছেন তিনি। অবশেষে সব গুছিয়ে হাসি মুখে পরিবারের কাছে ফেরার উদ্দেশ্যে তিনি ইতালির একটি বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
যাত্রাপথে বিমানের ভেতরেই তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। সময়ের সাথে সাথে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকলে বিমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে নিকটবর্তী দেশ জর্জিয়ায় বিমানটি অবতরণ করায়। সেখানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন পর প্রিয় মানুষটি জীবিত অবস্থায় বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় প্রহর গুনছিল তার পরিবার। কিন্তু সেই হাসিমুখের পরিবর্তে এখন কফিনবন্দি নিথর দেহ হয়ে ফিরছেন ফখরুল। এই হৃদয়বিদারক খবরটি গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই বড়লেখার মহুবন্দ গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া, নিহতের পরিবারে চলছে বুকফাটা আর্তনাদ।
তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার