অভিযোগ বার্তা ডেস্কঃ
চলতি বছরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী এবারও তিনটি ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই।
এবার একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন ফি বেড়েছে। প্রকাশিত নীতিমালায় এ বছর ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বেড়েছে ৭০ টাকা। এবারও এসএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পছন্দের সর্বোচ্চ ১০টি কলেজ আবেদনে রাখা যাবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ নীতিমালা প্রকাশ করা হয়। এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস।
তবে এবারও মুক্তিযোদ্ধার ৫ শতাংশ কোটা বহাল রেখেছে মন্ত্রণালয়। এর বাইরে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ২ শতাংশ কোটা পাবেন। আর গতবারের মত মেধায় ৯৩ শতাংশ শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাবেন।
জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন নেওয়া হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ আগস্ট শুধুমাত্র খাতা চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে আবেদনকারীদের ১৫ আগস্ট কলেজ পছন্দক্রম পরিবর্তনের সময় দেওয়া হবে। এরপর ২০ আগস্ট রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।অনলাইনে আবেদন ছাড়া ম্যানুয়ালি কোনো কলেজে ভর্তি করা যাবে না।
সুএ- দৈনিক জনকণ্ঠ
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার