
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টুন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ঠা এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়াতে দেখে কার্টুনটি সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টুনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর নিথর দেহ।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।
[video width="1280" height="720" mp4="https://ovijogbarta.com/wp-content/uploads/2025/04/facebook_1743764690969.mp4"][/video]
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন অভিযোগ বার্তা'কে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
স্থানীয়দের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে এবং হত্যাকারীরা মরদেহ গোপন করার উদ্দেশ্যে এসির কার্টুন ব্যবহার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশাবাদী স্থানীয়রা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার