বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকার হরিণধরা গ্রামের নসিমনচালক শাজাহানকে ঘিরে গান্ধীমারা হাইওয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে কথিত সখ্য ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, হাইওয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে শাজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্কের সুযোগ নিয়ে চন্দনী এলাকার নসিমনচালকদের কাছ থেকে নিয়মিত মাসিক টাকা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে শাজাহান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বলেও দাবি স্থানীয়দের। এ কারণে দুর্ঘটনাকবলিত যানবাহন ও হাইওয়ে পুলিশের কার্যক্রমে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অভিযোগের বিষয়ে নসিমনচালক শাজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে টাকা নিতাম, এখন নেই না।”
অন্যদিকে, হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, পুলিশের সঙ্গে শাজাহানের কথিত আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো সত্য না মিথ্যা—তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে নসিমনচালকদের কাছ থেকে কথিত মাসিক টাকা আদায়, আর্থিক লেনদেন এবং হাইওয়ে পুলিশের সঙ্গে শাজাহানের যোগাযোগের বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার