

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারীঘাট এলাকার সাতাইন নামক স্থানে ভারতীয় পণ্যবাহী একটি ডিআই পিকআপ গাড়ির চাপায় মামুন নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) আসরের নামাজের পর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সিএনজি চালক মামুন উপজেলার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসরের নামাজের পর সারীঘাট-সাতাইন সড়কে দ্রুতগামী একটি ভারতীয় পণ্যবাহী ডিআই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মামুন নিহত হন।
এ সময় সিএনজিতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করেন এবং ওই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার