নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজীপুর বালু মহাল নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সরকার নির্ধারিত ‘সনাতন পদ্ধতিতে’ বালু উত্তোলনের নিয়ম থাকলেও, বাস্তবে সেখানে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী ড্রেজার মেশিন। ফলে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে জনপদ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় বসতভিটা ও গুরুত্বপূর্ণ সড়ক।
এলাকাবাসীর অভিযোগ, ইজারাদাররা প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে যান্ত্রিক উপায়ে বালু তুলছেন। নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং ভাঙন তীব্র আকার ধারণ করছে। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই ‘নীরব ভূমিকায়’ ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে আগামী বর্ষা মৌসুমে হাজীপুরের রাস্তাঘাট ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অসাধু চক্রের এমন কর্মকাণ্ডে জনজীবন আজ বিপন্ন। তারা অবিলম্বে ড্রেজার মেশিন বন্ধ করে পরিবেশ ও জনবসতি রক্ষায় স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সচেতন মহল বলেন, "বালু মহালের নামে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত সরেজমিনে তদন্ত করে অবৈধ ড্রেজার চলাচল বন্ধ করা এবং নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া।"
অবৈধ বালু উত্তোলনের এই মহোৎসব বন্ধে স্থানীয় প্রশাসন কত দ্রুত সাড়া দেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় হাজীপুরবাসী।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার