
কালাম চৌধুরী,গ্রিস থেকেঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে অভিবাসনে উৎসাহিত করে ভিডিও প্রচারের অভিযোগে গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অনিয়মিত অভিবাসন রোধে দেশটির সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বহিষ্কৃত বাংলাদেশি যুবকের নাম মো. হাসান। মৌলভীবাজারের বাসিন্দা হাসান গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন।
গত জুনে তিনি টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন, যা মুহূর্তেই গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। ওই ভিডিওতে হাসানকে দাবি করতে শোনা যায়—নাফপ্লিও শহরে কাজের ব্যাপক সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও সেখানে আসতে কোনো সমস্যা নেই। এমনকি দীর্ঘদিন বসবাস করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না—এমন বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়েছিলেন তিনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রিক পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং খুব দ্রুতই হাসানকে শনাক্ত করে। আইন লঙ্ঘন ও অবৈধ অভিবাসনে প্ররোচনা দেওয়ার অভিযোগে তার পূর্বের রেসিডেন্স পারমিট বাতিল এবং আশ্রয়ের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়।
পরবর্তীতে গ্রিস সরকারের কঠোর অভিবাসন নীতির আওতায় বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীর সাথে তাকেও বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে গ্রিস সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে এই ঘটনায় গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের একটি বড় অংশের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, ভিউ ও মুহূর্তের জনপ্রিয়তার লোভে কিছু অদূরদর্শী ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং বৈধ প্রবাসীদের জীবনও ঝুঁকিতে পড়ছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার