মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক শাহজাহান মোল্লা ওই এলাকার মৃত তারা মোল্লার ছেলে। ভুক্তভোগী মোছাঃ মনিকা আক্তার স্থানীয় আব্দুল গনীর মেয়ে এবং সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শাহজাহান মোল্লা সরকারি ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মুঠোফোনে শাহজাহানের সাথে যোগাযোগ করেন। একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন । পরবর্তীতে প্রভাবশালী একটি মহল বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
ধর্ষণ চেষ্টার শিকার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহান মোল্লাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এসময় মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান দৈনিক অভিযোগ বার্তা'র প্রতিনিধিকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার