মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে অলৌকিক ঘটনার আশায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে এক নারীর মরদেহ তোলা হয়েছে। 'জিনের নির্দেশে' ওই নারীর ছেলে-মেয়ের কথামতো মরদেহটি উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ইসিজি পরীক্ষা করান স্বজনরা। শেষ পর্যন্ত চিকিৎসকরা পুনরায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর গভীর রাতে লাশ আবার দাফন করা হয়।
শনিবার (২ আগস্ট) রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এ নিয়ে সমগ্র জেলাজুড়ে তীব্র তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্মসচিব হুমায়ুন কবিরের মা শনিবার সকালে বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে মারা যান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সকালের দিকেই তার দাফন সম্পন্ন করেন স্বজনরা। তবে বিপত্তি ঘটে সন্ধ্যার পর।
নিহতের ছেলে ও মেয়ের দাবি—তাদের ওপর 'জিনের আসর' হয়েছে এবং জিনের নির্দেশে তাদের মনে হতে থাকে যে তাদের মা এখনও জীবিত আছেন। বিশেষ করে নিহতের মেয়ে দৃঢ় দাবি করেন, কবর থেকে তুলে আনলে তার মা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
পরে পরিবারের লোকজন ও এলাকাবাসীর উপস্থিতিতে শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহটি বের করা হয়। সেখান থেকে তাকে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের তথ্যে আশ্বস্ত হতে না পেরে স্বজনরা মরদেহটি জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া সচল আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা মরদেহটির ইসিজি পরীক্ষা করেন।
ইসিজি রিপোর্ট দেখে কর্তব্যরত চিকিৎসক সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, ওই নারী অনেক আগেই মারা গেছেন এবং কোনো প্রাণের অস্তিত্ব নেই। হাসপাতালে নিশ্চিত হওয়ার পর রাতেই পরিবারের সদস্য ও স্বজনরা মরদেহটি নিয়ে এসে পুনরায় আগের কবরেই দাফন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, জিনের প্রভাবে কুসংস্কারাচ্ছন্ন হয়ে ছেলে-মেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে এ ঘটনা জানাজানি হলে পুরো জামালপুর জেলাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত কৌতূহলী মানুষ এ ঘটনা শুনতে মাহমুদপুরে ভিড় জমান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার