সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী সুলতান নামে এক হাউসবোটে আকস্মিক আগুন লেগে ছাড়খার হয়ে গেছে। হাউসবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন।
শুক্রবার ৩০ মে রাত সাড়ে ৮ টার দিকে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে রাত ৯ টার দিকে সুলতান হাউসবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২জন পর্যটক নিয়ে হাউসবোট যোগে প্রথমে তারা টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারে আসেন। এখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনের নদীতে হাউসবোট নোঙ্গর করেন।
এসময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন আর তারা রাতের খাবারের ব্যবস্থা করছিলেন। হাউস বোর্ডে জেনেরেটর চালানো ছিল। কেবিনের একজন তার মোবাইল ফোন চার্জের মাল্টিতে লাগানোর মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভাতে, কিন্তু তারা পারছিলেন না, আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। পরে সঙ্গে থাকা অন্য একটি পর্যটকবাহী নৌকাতে তাদের পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকম জীবন রক্ষা করেন।
তিনি আরও বলেন, চোখের সামনেই পুরো হাউসবোট দাউ দাউ করে জ্বলছিল তখন তাদের কিছুই করার ছিল না।লেদারবন্দ গ্রামের ফেরদৌস আলম বলেন, হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের রক্ষা করেছেন, না হলে আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। নৌকার মাঝি ও পর্যটকরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
এ সময় তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, হাউসবোটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। তিনি বলেন, হাউসবোট পুড়ে গেলেও পর্যটক সহ নৌকার মাঝিরা অক্ষত আছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার