

নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের আনন্দ বাজার ঘাট থেকে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বড়শি ও অনুমোদিত জাল ব্যবহারের আহ্বান জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, তরী বাংলাদেশের প্রতিনিধিসহ পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা মাছ ও পোনা নিধন রোধে নিষিদ্ধ জাল ও ফাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার