ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হয়েছে, যা ময়মনসিংহ ও ত্রিশালবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তিনি জানান, আগামী এক বছরকে ত্রিশালে “নজরুলবর্ষ” হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ত্রিশালে “নজরুল সিটি” গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সারা দেশের নজরুল চর্চার কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠতে পারে।
এসময় তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, সেই বিদ্যালয়ের ক্লাসরুমের অংশ বিশেষ অক্ষত রাখা হয়েছে। আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নজরুল জয়ন্তীর আয়োজনকে এবার ময়মনসিংহ বিভাগের আরও চারটি জেলায় সম্প্রসারণ করা হয়েছে। ভবিষ্যতে ত্রিশাল থেকেই সারা দেশের সব জেলায় এই উৎসব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিন দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অঙ্গসংগঠনের প্রতি ধন্যবাদ জানান তিনি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার