অভিযোগ বার্তা ডেস্কঃ
প্রত্যেক পুলিশ সদস্যকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, দায়িত্ব পালনকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না।
বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের আইজিপি এ নির্দেশনা দেন।
বাহারুল আলম বলেন, ডিএমপি বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। ডিএমপির কাছ থেকে জনগণ উৎকৃষ্ট সেবা ও পেশাদারিত্ব আশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি এবং কূটনৈতিক দায়িত্ব পালনকালে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। কর্মকর্তাদের মনোযোগ ও দায়িত্ব পালনে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে ডিউটি চলাকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না।
এ ছাড়া জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি।
সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের হার আরও বাড়াতে হবে। ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশসহ সব পুলিশ সদস্যকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, দলমত–নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দাগি আসামিদের গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট (পরোয়ানা) তামিল আরও বাড়াতে হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার