
বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকে রূপালী পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা রাণী। আসল নাম রেজিনা হক হলেও চলচ্চিত্র জগতে তিনি ‘রাণী’ নামেই পরিচিত লাভ করেন। দিনাজপুরের ঘাষিপাড়ার এই সন্তান একসময় ছিলেন ঢালিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা।
১৯৮৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘আঁখি মিলন’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় রাজকীয় অভিষেক ঘটে রাণীর। ছবিতে তিনি অভিনয় করেছিলেন প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের বিপরীতে। প্রথম ছবিতেই নজর কাড়ার পর আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশকজুড়ে চলচ্চিত্রে নিয়মিত ও একক প্রাধান্য বিস্তার করে অভিনয় করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী শিল্পী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে—‘আঁখি মিলন’, ‘দাঙ্গা ফ্যাসাদ’, ‘সালমা’, ‘বদনসীব’, ‘আগুন পানি’, ‘পাষাণ’, ‘প্রেম লড়াই’, ‘চোর’, ‘আজকের শয়তান’, ‘বশিরা’, ‘শত্রুতা’, ‘প্রমাণ’, ‘বিদ্রোহী সন্তান’, ‘পরীস্থান’, ‘শাহী খানদান’, ‘আদেশ’, ‘দাগী’, ‘যাদু মহল’, ‘নির্যাতন’, ‘ঘর ভাঙা ঘর’, ‘চাচা-ভাতিজা’, ‘পুষ্পমালা’, ‘দুলারী’, ‘ভাগ্যবতী’, ‘ঈমানদার’, ‘বড় ভাই’, ‘রানী আমার নাম’, ‘প্রতিঘাত’, ‘জবানবন্দী’, ‘অমর বন্ধন’ ও ‘দেশ’ সহ আরও অনেক আলোচিত সিনেমা।
শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি রাণী, যুক্ত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও। ১৯৯৬ সালে তাঁর প্রযোজনায় নির্মিত হয় ব্যবসা সফল ছবি ‘বশিরা’। এই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন ঢালিউডের প্রয়াত মেগাস্টার চিত্রনায়ক মান্না। মুক্তি পাওয়ার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে বিপুল ব্যবসায়িক সাফল্য অর্জন করে।
তবে ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও, নব্বইয়ের দশকের চলচ্চিত্রানুরাগীদের কাছে তাঁর অভিনয় এবং রূপালী পর্দার স্মৃতি আজও সমানভাবে অমলিন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার