

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় সব অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনকৃত সড়কগুলো হলো— ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবন সংলগ্ন সড়ক।
প্রশাসক জানান, বর্ষা শেষ হওয়ায় আগামী পাঁচ-ছয় মাস পুরো শীত ও বসন্তজুড়ে নগরীর সব ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ চলবে। গত দুই বছরে নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ অবকাঠামো খাতে প্রায় ২,৫০০ কোটি টাকার কাজ হয়েছে, যার মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডেই ব্যয় হয়েছে ৫০ থেকে ৬০ কোটি টাকা।
উন্নয়নকাজের গুণগত মান রক্ষায় উন্নত নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি এলাকাবাসীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এছাড়া নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে যত্রতত্র প্লাস্টিক ও ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করেন। ৪১টি ওয়ার্ডেই উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন ছাড়াও মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার