সাটুরিয়া প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এক নারীর ওপর চেতনানাশক পদার্থ প্রয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক নারী ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় আরেক মহিলা তার সামনে এসে দাঁড়ান এবং একপর্যায়ে ভিকটিমের নাকের সামনে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সম্পূর্ণ অজ্ঞান না হলেও শরীর ও মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।
এ সময় ভিকটিমের সঙ্গে থাকা কয়েকজন নারী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত মহিলা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।
স্থানীয়দের ধারণা, ভিকটিমের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ চেষ্টা করা হয়েছিল। তবে সচেতন নাগরিকদের দ্রুত পদক্ষেপে কোনো মূল্যবান সামগ্রী খোয়া যায়নি। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার