রুমা আহামেদঃ
দুর্দান্ত স্বাদের বিফ কোপ্তা তৈরি করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য! ঘরে বসেই রেস্টুরেন্টের মতো স্বাদের কোপ্তা তৈরি করার সহজ এবং দারুণ একটি রেসিপি নিচে দেওয়া হলো। আপনার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায়, সবখানেই এই কোপ্তা হবে সুপারহিট!
উপকরন যা যা লাগবে:
• ১ কেজি গরুর মাংস
• ১ কাপ পেঁয়াজ বেরেস্তা
• ১/২ কাপ টালা বেসন
• ১ কাপ পেঁয়াজ কুঁচি
• ২ টেবিল চামচ কাঁচা মরিচ (স্বাদমতো)
• লবণ (স্বাদমতো)
• ১/৩ কাপ ধনেপাতা কুঁচি
• ১/৩ কাপ পুদিনা পাতা
• ২ টেবিল চামচ আদা-রসুন পেস্ট
• ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো
• ১/২ চা চামচ ধনিয়া গুঁড়ো
• ১/২ চা চামচ হলুদের গুঁড়ো
• ১/২ চা চামচ কাবাব মসলা (ঐচ্ছিক, না দিলেও সমস্যা নেই)
• ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
• ১ চা চামচ জিরা গুঁড়ো
• ১ টেবিল চামচ লেবুর রস
• ১টি ডিম
• ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাংস ছোট টুকরো করে কেটে নিন। ২. এবার মাংসের টুকরোগুলো ফুড প্রসেসরে অথবা পাটায় মিহি করে বেটে নিন। যত মিহি হবে, কোপ্তা তত মসৃণ হবে।৩. একটি বড় পাত্রে. মিহি করা মাংসের সাথে পেঁয়াজ কুচি, আদা-রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মসলা, কাবাব মসলা (যদি ব্যবহার করেন), কাঁচা মরিচ, লেবুর রস এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। ৪.এবার এতে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা, টালা বেসন এবং ডিম দিয়ে আবারো ভালোভাবে মেখে নিন। যেন সব উপকরণ মিশে যায় এবং একটা আঠালো মিশ্রণ তৈরি হয়। ৫. এবার হাতের তালুতে তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। আপনার পছন্দমতো আকার দিতে পারেন। ৬. একটি প্যানে ডুবো তেল গরম করুন। মাঝারি আঁচে কোপ্তাগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। একবারে বেশি কোপ্তা দেবেন না, এতে ভাজার সমস্যা হতে পারে।
টিপস:
মাংসের পছন্দ: কোপ্তার জন্য চর্বিহীন মাংস ব্যবহার করা ভালো। এতে কোপ্তা ভাজার সময় অতিরিক্ত তেল ছাড়বে না এবং কোপ্তাগুলো সুন্দর আকার ধরে রাখবে।
বেসন ভাজার পদ্ধতি: বেসন হালকা সোনালি করে ভেজে নিতে পারেন। এতে বেসনের কাঁচা গন্ধ থাকবে না এবং কোপ্তার স্বাদ আরও বাড়বে।
ঠান্ডা করে মাখা: মাংসের মিশ্রণটি মাখার পর আধঘণ্টার জন্য ফ্রিজে রাখলে সেট হতে সুবিধা হবে এবং কোপ্তা বানাতে সহজ হবে।
ভাজার তাপমাত্রা: তেল ভালোভাবে গরম হওয়ার পর মাঝারি আঁচে কোপ্তা ভাজবেন। তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। আবার তেল ঠান্ডা হলে কোপ্তা বেশি তেল শোষণ করবে।
এই কোপ্তা দিয়ে আপনি কোপ্তা কারিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কোপ্তাগুলো হালকা ভেজে ঝোলে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হলো।
• ফ্রোজেন কোপ্তা: কোপ্তা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এয়ারটাইট বক্সে রাখলে ২-৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ভাজার আগে নরমাল তাপমাত্রায় এনে ভাজুন।
• পরিবেশন:
• গরম গরম এই মজাদার বিফ কোপ্তা সস, পুদিনা চাটনি বা পেঁয়াজ সালাদের সাথে পরিবেশন করুন। পোলাও, বিরিয়ানি বা শুধু সস দিয়েও এটি খেতে দারুণ লাগে!
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার