মোকছেদুল ইসলাম,নওগাঁ জেলাঃ
নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৪ আগস্ট ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে পোরশা থানাধীন ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা মো. তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা শ্রী বাবুল কর্মকার। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের বাসিন্দা।
পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার