
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান সিনিয়র সচিব। তিনি স্পষ্ট করে জানান, আগামীতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে বর্তমানে অব্যবহৃত বা গুদামজাত থাকা ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে ইসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
নাগরিক নিবন্ধনের ক্ষেত্রে নতুন একটি পরিকল্পনার কথা জানিয়ে আখতার আহমেদ বলেন, এখন থেকে একেবারে ছোটবেলা—অর্থাৎ ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
বর্তমানে এই প্রাথমিক প্রস্তুতি ও রূপরেখা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কমিশন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার