স্টাফ রিপোর্টার-ঢাকা:
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল কার্যক্রম উদ্বোধন ও পণ্য বিক্রয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সকালে টিসিবি ভবনের সামনে আন্দোলনরত ডিলাররা মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন।
‘টিসিবি ডিলার সার্ভাইভাল মুভমেন্ট’ নামের ব্যানারে সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন ডিলাররা। বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে যান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনরত ডিলারদের মূল দাবি, ২০২৫-২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ ডিলারশিপ চুক্তি অবিলম্বে নবায়ন করতে হবে। ডিলারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন না হওয়ায় তাঁরা ব্যবসায়িক ও মানসিকভাবে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটনার পর সমস্যা সমাধানে ডিলারদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য গেছেন বলে জানা গেছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতির পর আয়োজিত নির্ধারিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টিসিবির ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি জানান, টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল কার্ড ও অনলাইন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এই আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য ও ভুয়া সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার