
বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারিতে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে সুপারভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন বহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন বিশ্বাসের স্ত্রী তমা বিশ্বাস। এ নিয়োগ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার বিশেষ সুপারিশে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৩ জুলাই ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ৮৪ জন তথ্য সংগ্রহকারী এবং উপজেলার সাতটি ইউনিয়নে আটজন সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়।
পরে ১৩ আগস্ট নিয়োগের ফলাফল প্রকাশ করে উপজেলা প্রশাসন। এতে বহরপুর ইউনিয়নের সুপারভাইজার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন তমা বিশ্বাস। তাঁর রোল নম্বর ৪৯।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় দলীয় বিবেচনা ও বিশেষ সুপারিশের প্রভাব ছিল। তাঁদের দাবি, বিএনপির অনেক শিক্ষিত ও বেকার কর্মী আবেদন করলেও তাঁদের বিবেচনায় না নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সম্প্রতি সামনে আসার পর তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম বলেন, আমরা এধরনের কোন অভিযোগ পাইনি এটা কয়েক মাস আগের ঘটনা তখন নিয়োগ কমিটি ছিল নিয়োগ কমিটি যাচাই-বাছাই করেই নিয়োগ প্রদান করা হয়েছে।
তমা বিশ্বাস বলেন, আমি ইতিপূর্বে পরিসংখ্যান অফিসে কাজ করেছি আমি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছি আমার সকল যোগ্যতাই আছে আপনারা এসে দেখে যেতে পারেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার