মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবিতে স্মারকলিপি দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসকের কাছে কনসার্টটি স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত।
এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
কওমী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এমন আয়োজন ঘিরে জনমনে উদ্বেগ রয়েছে।
স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের মতোই’—এমন একটি বক্তব্যের উল্লেখ করে বলা হয়, ওই বক্তব্যের পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
একই সঙ্গে জেলার ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার