জামাল খান, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোসাঃ মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ী সংলগ্ন পাকা রাস্তার ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মোঃ জাহাঙ্গীরের স্ত্রী।
পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার রাতে আসামিরা মমতাজ বেগমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে নিহত মমতাজ বেগমের মেয়ে বাদী হয়ে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর দৌলতখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ ও ২ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ কাশেম (৫৫), পিতা— মৃত কয়ছর মাতাব্বর (১ নম্বর আসামি)।মোসাঃ রাজিয়া বেগম (৫০), পিতা— মোঃ আলী আহাম্মেদ (২ নম্বর আসামি) গ্রেপ্তারকৃত আসামিরা উভয়েই দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর বাসিন্দা।
দৌলতখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার