জামাল খান,ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে জলদস্যু ও ভূমিদস্যু চক্রের অব্যাহত হামলা, নিপীড়ন ও জমি দখলের প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় ভুক্তভোগী কৃষক সমাজ। অসাধু চক্রের তান্ডবে অতিষ্ঠ হয়ে নিজেদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয়রা।
‘১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় দৌলতখান উত্তর মাথায় নেয়ামতপুরের সাধারণ কৃষক বৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবার, নারী ও সাধারণ কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ক্ষুব্ধ কৃষকেরা অভিযোগ করেন, এলাকায় চিহ্নিত জলদস্যু সকেট জামাল এবং ভূমিদস্যু বসির হাওলাদারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘ দিন ধরে নেয়ামতপুর চরের সাধারণ কৃষকদের উপর নির্যাতন চালিয়ে আসছে। নিরীহ চাষীদের জমি জবরদখল, ফসল লুঠপাট এবং চাঁদা দাবির মতো ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সন্ত্রাসী বাহিনীর প্রতিবাদ করলে কৃষকদের প্রাণনাশের হুমকি,বারবার অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে নিরীহ কৃষকদের ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে বলে মানববন্ধনে জানান ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় প্রতিনিধিরা বলেন, “চরাঞ্চলের সাধারণ মানুষ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রক্তপানি করা পরিশ্রমে ফসল ফলায়। কিন্তু সকেট জামাল ও বসির হাওলাদারের মতো সন্ত্রাসীদের কারণে আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, ঘরে ঢুকে হামলা চালানো হচ্ছে। আমরা শান্তিতে নিজের জমিতে চাষবাস করে বাঁচতে চাই।”
বক্তারা অনতিবিলম্বে জলদস্যু সকেট জামাল, ভূমিদস্যু বসির হাওলাদার ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে নেয়ামতপুর চরে কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বৃদ্ধির জোরালো আবেদন জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল জানান, চরাঞ্চলের কৃষি ব্যবস্থা রক্ষা এবং নিরীহ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে সাধারণ কৃষকদের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার