মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ৭ জুলাই ২০২৬ তারিখ দুপুরে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ করতে না পারলে প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ত্রিশাল এর সামনে অবস্থিত প্রতিষ্ঠান দুটি হচ্ছে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও সামি ডায়াগনস্টিক সেন্টার।
এর আগে ত্রিশাল বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় কয়েকটি দোকানে ও গোডাউনে তল্লাশি করা হয়। অভিযানে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও মানহীন এসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ না করার জন্য সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার