‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে র্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য চাষ ও অভয়াশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, "মৎস্য সম্পদ আমাদের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অভয়াশ্রম গড়ে তোলা এবং দেশি মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা হলে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তাও সুদৃঢ় হবে। সফল মৎস্য চাষিদের উদ্ভাবনী কাজ সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।"
সভায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী মৎস্য সম্পদের উন্নয়ন, চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কিছু সফল চাষিকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার