মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ নির্মূল করে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ‘ওপেন হাউস ডে’ ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুন বুধবার বিকেলে মাদারগঞ্জের তেঘুরিয়া বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এলাকায় মাদকের বিস্তারসহ নানা অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
জনসাধারণের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন। তিনি উপস্থিত এলাকাবাসীকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।
একই সঙ্গে, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ কর্মকর্তাকে জনবান্ধব সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদারগঞ্জ থানা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার