
নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় যমুনার শাখা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এর ভয়াবহ প্রভাবে এক রাতেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২ বিঘা উর্বর ফসলি জমি ও একটি গুরুত্বপূর্ণ যাতায়াত সড়ক। আকস্মিক এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সুখনগরী এলাকার যমুনার শাখা নদী থেকে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। অবৈধ এই বালু উত্তোলনের জেরে নদী পাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে এবং সম্প্রতি এক রাতেই হঠাৎ বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে মুহূর্তেই নদীগর্ভে চলে যায় কৃষকদের কষ্টার্জিত পাকা ধান ও মরিচ ক্ষেতসহ প্রায় ২ বিঘা ফসলি জমি।
ভাঙনের কবলে পড়ে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কও নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে ফুলজোড়, নাংলা ও কাইজের চরসহ দক্ষিণাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষের যাতায়াতের পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা। জরুরি প্রয়োজন কিংবা কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চোখের সামনে আবাদি জমি ও চলাচলের রাস্তা নদীতে চলে গেলেও সংশ্লিষ্ট প্রশাসন বা স্থানীয় প্রভাবশালীরা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ড্রেজার মালিকদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিদর্শনের মাধ্যমে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার