নিজস্ব প্রতিবেদক,মাদারগঞ্জঃ
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা একটি জমিজমা সংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় বাস্তবায়নে বুধবার (২৯ এপ্রিল) ১নং ওয়ার্ডে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিতর্কিত জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের একটি জমি নিয়ে খোরশেদ গং এবং মুরাদুজ্জামান গং-এর মধ্যে দীর্ঘকাল ধরে আইনি লড়াই চলছিল। মামলার দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত মুরাদুজ্জামান গং-এর পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
অভিযোগ রয়েছে, আদালতের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও খোরশেদ গং তা উপেক্ষা করে জোরপূর্বক ওই জমিতে বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছিলেন। আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি মুরাদুজ্জামান গং-এর দখলমুক্ত করে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা সংবাদিকদের জানান, আইনের শাসন সমুন্নত রাখতে তারা বদ্ধপরিকর। আদালতের রায় বাস্তবায়নে উপজেলা প্রশাসন কোনো ধরনের আপস করবে না। ভবিষ্যতেও যারা আইন অমান্য করে অন্যের জমি দখল করে রাখবে, তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি বিবাদের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এ ধরনের পদক্ষেপের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং আইনি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার