নিজস্ব প্রতিনিধিঃ
আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের নয়াডিঙ্গিতে সেলফি পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে বাস ও ট্রাকের চালক।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ এলাকার মৃত খুদি শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। বাস-ট্রাকের চালকেরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত রফিক শেখ ট্রাকের লেবার হিসেবে কাজ করতেন। বাস-ট্রাকের দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মরদেহ আইনি কার্যক্রম শেষে তার স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার