আরিফুল ইসলাম, রাজশাহী:
১২ মে ২০২৬ (মঙ্গলবার) সকালে রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল নার্সিং কলেজের এমডি রজব আলী খন্দকার, অধ্যক্ষ মোসা: ফেরদৌস আরা বেগম এবং পরিচালক কামরুন নাহার ডায়না। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এডভোকেট মো: আরমান আলী বলেন, “নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শক্তি। একজন রোগীর সুস্থতা ও মানসিক সাহস জোগাতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও ক্ষমতায়িত নার্স তৈরি করার বিকল্প নেই। গ্লোবাল নার্সিং কলেজ সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরিতে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথিদের বক্তব্যে নার্সদের পেশাগত দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে নার্সদের আধুনিক প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার