ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত চুরকিন ভ্লাদিমির (৪০) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় প্রকল্প সংলগ্ন গ্রিন সিটি আবাসিক এলাকায় ব্যায়াম করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।চুরকিন ভ্লাদিমির প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্জো’তে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির একটি বহুতল ভবনে বসবাস করতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় গ্রিন সিটি আবাসিকের ভেতর শরীরচর্চা করছিলেন ভ্লাদিমির। ব্যায়াম করার এক পর্যায়ে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ওই নাগরিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যায়াম করার সময় তীব্র হার্ট অ্যাটাক হওয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রুশ দূতাবাসের মাধ্যমে তার মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার