
দেবাশীষ রয় ,জলপাইগুড়ি:
পুকুর থেকে ধরা পড়া শিঙি মাছের মাথায় 'আল্লাহু' লেখা রয়েছে—এমনই দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি এলাকায়। অদ্ভুত এই দৃশ্য দেখতে সন্ধ্যায় বাজারে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ কৌতূহলী বহু মানুষ।
স্থানীয় সূত্রে খবর, ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি এলাকার মাছ বিক্রেতা হাসিবুল ইসলাম প্রতিদিনের মতো গোলাপাবাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে তাঁর জালে অন্যান্য মাছের সঙ্গে বেশ কয়েকটি শিঙি ও মাগুর মাছ ওঠে। সন্ধ্যায় কাঠালগুড়ি বাজারে সেই মাছ বিক্রি করতে নিয়ে আসার পর একটি বিষয় তাঁর নজরে আসে। তিনি লক্ষ্য করেন, দুটি শিঙি মাছের মাথায় বিশেষ ধরনের দাগ বা চিহ্ন রয়েছে, যা দেখতে অবিকল 'আল্লাহু' লেখার মতো।
এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই মাছ দুটি দেখতে বাজারে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাফসার আলী বলেন, "আমার চোখের সামনে এমন ঘটনা এই প্রথম। মাছের মাথায় এমন চিহ্ন আমি আগে কখনো দেখিনি।"
মাছ বিক্রেতা হাসিবুল ইসলাম জানিয়েছেন, বিশেষ এই দাগ দেখার পর মাছ দুটি আর বিক্রি করবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মাছ দুটিকে কোনো পুকুর বা জলাশয়ে নিরাপদে ছেড়ে দেবেন।
তবে মাছের মাথার ওই চিহ্নটি সত্যিই কোনো লেখা নাকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কোনো স্বাভাবিক প্যাটার্ন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি আপাতত স্থানীয়দের কৌতূহল ও দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার