নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে প্রায় ৮০০ কোটি ইউরোর বেশি অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের তদন্তে নেমে ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি বিলাসবহুল দোতলা বাড়ি ক্রোক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত লিমাসসোল জেলার পারেকলিসিয়ায় অবস্থিত এস আলমের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাইপ্রাস মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান আন্তর্জাতিক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি সহায়তার অনুরোধে এই ক্রোক আদেশ জারি করা হয়েছে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট ‘মোকাস’ এর আবেদনের পর গত ১৯ মে এই সম্পত্তি ক্রোকের আনুষ্ঠানিক আদেশ আসে।
বাংলাদেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম ২০১৬ সালে ‘গোল্ডেন পাসপোর্ট স্কিম’ বা বিশেষ বিনিয়োগ প্রোগ্রামের মাধ্যমে সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করেছিলেন। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে গুরুতর সব অভিযোগ পাওয়ার পর সম্প্রতি সাইপ্রাস সরকার তার সেই নাগরিকত্ব বাতিল করে দিয়েছে।
বাংলাদেশের তদন্তকারীদের জমা দেওয়া নথি অনুসারে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানিগুলোর একটি বিশেষ নেটওয়ার্ক পরিচালনা, প্রতারণামূলক ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগগুলো খতিয়ে দেখছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার