

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির ঘটনায় দায়ের করা মামলায় মো. শামীম আহমদ (৫২) নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নগরের আলমপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম আহমদ সিলেট মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হায়েস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে জড়ো হন। সেখানে তাঁরা সরকারবিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা মোটরসাইকেল ও হায়েস গাড়ি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি হায়েস গাড়ি, পাঁচটি বাঁশের তৈরি লাঠি এবং ২০টি কালো রঙের মাস্কসদৃশ বস্তু জব্দ করা হয়। জব্দ করা গাড়ি দুটির আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল আয়োজন এবং দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে গোপন কর্মকাণ্ডে জড়িত ছিলেন আসামিরা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে যুবলীগ নেতা শামীম আহমদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মো. শামীম আহমদকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে এই মামলায় ফাঁসানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার