লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃ
পুলিশ কমিশনার বরাবর একটি অভিযোগ দেন খাদিজা বেগম।সিলেট নগরীতে একটি ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খাদিজা বেগম (পিতা: মোহাম্মদ আলী), বর্তমানে মহাজনপট্টি এলাকার বাসিন্দা, সিলেট পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগে দাবি করেছেন—চাকরির প্রলোভন দেখিয়ে তাকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় পাঁচ মাস আগে মাসিক ৫,০০০ টাকা বেতনে “স্বপ্না ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার”-এ তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কাজে যোগদানের পর থেকেই সেন্টারের মালিক সফা ও তার সহযোগী হাফিজ তাকে জোরপূর্বক অনৈতিক কাজে সম্পৃক্ত করার চেষ্টা করেন। এতে অসম্মতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তাকে ভয়ভীতি প্রদর্শন করে জিম্মি করে রাখা হয় এবং বাইরে যোগাযোগের সুযোগ সীমিত করা হয়। এমনকি, প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া,একইভাবে আরও নারীদের প্রতারণার মাধ্যমে সেখানে এনে একই ধরনের কাজে বাধ্য করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
খাদিজা বেগম অভিযোগে আরও বলেন, “আমি একজন অসহায় নারী। লোকলজ্জা ও ভয়ভীতির কারণে এতদিন মুখ খুলতে পারিনি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই চক্রের হাত থেকে মুক্তি চাই।”
এ ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
সিলেটে এ ধরনের অভিযোগ নতুন নয় বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার