মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকে :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে বলেছেন, প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টার অংশ হিসেবে আমরা সেলাই মেশিন দিচ্ছি। সেলাই মেশিনটা দিয়ে আপনারা একটা উপার্জনের ব্যবস্থা করেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই উপার্জন দিয়ে আপনার সংসার চলবে, কিছু পুঁজিও হবে এবং কিছু টাকা জমা রাখতে পারবেন আপদ বিপদের জন্য। এটার মাধ্যমে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। আস্তে আস্তে ক্ষুদ্র শিল্প করে আপনারা ১০-২০টা সেলাই মেশিন দিয়ে একটা ভালো আয়-রোজগার করতে পারেন। তখন আপনার কারো উপরে নির্ভরশীল থাকতে হবে না। নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সেলাই মেশিনের এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন এবং পর্যায়ক্রমে অন্যকেও সহযোগিতা করতে পারবেন। এ ধরনের কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়ন ও ভবিষ্যতেও অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ফ্যামিলি কার্ড নেওয়ার সময় কাউকে কোনো রকম টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ফ্যামিলি কার্ড পাবেন। কেউ যদি এই কার্ড পাওয়ার জন্য কোনো টাকা চায়, তাহলে আপনারা প্রশাসনকে অবহিত করবেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার