মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ইভান (২৫)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
গত ১৬ আগস্ট কোটচাঁদপুরের আখ সেন্টার মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইভান কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ইভান কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি আখ সেন্টার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর ৪টার দিকে ইভানের মৃত্যু হয়। পরে বাদ মাগরিব জানাজা শেষে কোটচাঁদপুর পৌর কবরস্থানে ইভানের দাফন সম্পন্ন করা হয়।
ইভানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও একটি তরতাজা প্রাণ—শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার