

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের পর তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। সেখানে দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে এবং আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সে সময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বয়ড়া গ্রামে আফরোজা খানম রিতার বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছিল।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার