
হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারির মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ দ্রুত উন্নত করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার