
নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চরে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও রিট আদেশের তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। প্রায় ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার ও শতাধিক বাল্কহেডের মাধ্যমে দিনরাত এই বালু লুটপাট চালানো হচ্ছে। এতে নদীভাঙনকবলিত এই জনপদের বসতভিটা ও স্থানীয় সাধারণ মানুষের জানমাল চরম ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ১০৭৭৯/২০২৬) দায়ের করা হয়েছিল। গত ৯ আগস্ট হাইকোর্ট ওই এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এমন স্পষ্ট ও কঠোর আদেশ থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
আদালতের আদেশ অমান্যের প্রতিবাদে ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ৮ নভেম্বর স্থানীয় এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে সাধারণ মানুষের আন্দোলন ও প্রতিবাদের পরও পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে পুনরায় অন্তত ১০টি শক্তিশালী ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু হয় এবং শতাধিক বাল্কহেডে করে তা দ্রুত অন্যত্র পরিবহন করা হয়।
এদিকে, যমুনায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে এবং এ বিষয়ে পৃথক অভিযান পরিচালনা করেছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা রাতের আঁধারে প্রভাবশালী চক্রটি পুনরায় ড্রেজার নামিয়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ করা না হলে আলোকদিয়া চরসহ আশপাশের জনপদ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হবে। তাই দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার