নিউজ ডেস্কঃ
২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত অবৈধ ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) কে এম বজলুল হক খান রিপন। শনিবার (২রা নভেম্বর) দপুরে দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
এ সময় লিখিত বক্তব্যে অ্যাডঃ কে এম বজলুল হক খান রিপন বলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা পরিষদ নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ ছিলেন। আমাকে নির্বাচন থেকে সরাতে হেতু কোনো কাজ নেই যা তার দল এবং তিনি করেননি। আমার বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছে তার দলের দুর্বৃত্তরা। লাঞ্ছিত করেছে আমাকে এবং আমার পরিবারকে।
নির্বাচনে কারচুপির মাধ্যমেও যখন দেখলেন তিনি বিজয়ী হতে পারছেন না তখন প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার দল তাকে নির্বাচিত ঘোষণা করে।
তিনি আরো বলেন,যে সব কেন্দ্রে প্রতিপক্ষ ব্যাপক অনিয়ম করিয়েছেন সে সব কেন্দ্রের মধ্যে শিবালয় উপজেলা ভোটকেন্দ্র অন্যতম। দরখাস্তকারীর বিজয় নিশ্চিত জেনে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গোলাম মহীউদ্দীনের বিজয়ের জন্য পূর্বপরিকল্পনা মাফিক শিবালয় উপজেলা ভোটকেন্দ্রের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ/যান্ত্রিক গোলযোগ-বিভ্রাট সৃষ্টি করে জনৈক নারী ভোটারদের আঙুলের ছাপ মিল না হওয়া সত্বেও তার ভোট অপকৌশল অবলম্বনে গ্রহণ করা হয়।
উক্ত ঘটনায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, শিবালয় উপজেলা ভোটকেন্দ্রে নিখুঁতভাবে ভোট কারচুপি করা হয়েছে। ভোট গণনার পূর্বেই প্রিজাইডিং অফিসার তার অধীনস্তদের গোলাম মহীউদ্দীনের পক্ষে ফলাফল ঘোষণা করার নির্দেশ দিয়ে কেন্দ্র ত্যাগ করেন, যাতে তার উপর কোনো দায়ভার না বর্তায়। আমার দৃঢ় বিশ্বাস, উক্ত কেন্দ্রে আমার প্রাপ্ত ভোটকেই গোলাম মহীউদ্দীনের প্রাপ্ত ভোট বলে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় আমি শিবালয় উপজেলা ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ সিসি ক্যামেরার ফুটেজ ও ফলাফলের প্রিন্ট কপি প্রাপ্ত হলে এবং বিজ্ঞ জেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল কর্তৃক ইভিএম এক্সপার্ট দ্বারা পরীক্ষিত হলে সঠিক ফলাফল বের হয়ে আসবে।
সংবাদ সম্মেলনে সাবেক জেল সুপার ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান সহ জেলার প্রেস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার