
মিনহাজ দিপু, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
দলীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিকূলতার মুখে পড়েছেন এম এ হাসান। বিএনপির রাজনীতি করার কারণে একাধিক মামলার আসামি হওয়া ছাড়াও তিনি কারাবরণ এবং হামলার শিকার হয়েছেন। তবে এত প্রতিকূলতার পরও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন এম এ হাসান। করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বাঁধ সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর সম্পৃক্ততা রয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দীন জানান, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি বা অনিয়মের কোনো অভিযোগ নেই; তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এম এ হাসান বলেন, ‘দলের আদর্শে বিশ্বাস রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। দল যদি দায়িত্ব দেয় এবং জনগণ পাশে থাকে, তবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই।’
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার