
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:
আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর কাজীর দেউড়ি মোড়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ভাড়াটে লোকজনের মাধ্যমে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। হারানো বিজ্ঞপ্তি দিয়ে এখন আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। এসব অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সফল হবে না।
ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। নাশকতার সঙ্গে জড়িতদের পাশাপাশি অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করবেন।
সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কাজীর দেউড়ি থেকে আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড়ে গিয়ে শেষ হয়।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার