
অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে নিজ বাসায় খুন হয়েছেন ৩৪ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি নারী সৈয়দা নিরুপমা। দক্ষিণ-পশ্চিম সিডনির মিনটো এলাকায় স্বামী আলতাফ হোসেনের নৃশংস হামলায় প্রাণ হারান দুই সন্তানের এই জননী। দীর্ঘ চার বছরের আইনি প্রক্রিয়া শেষে নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট প্রধান অভিযুক্ত স্বামী আলতাফ হোসেনকে ১৯ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
পরে আদালতের তথ্য মোতাবেক জানা যায় ২০০৬ সালে পারিবারিকভাবে বিয়ের পর নিরুপমা স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে গত কয়েক বছর ধরে তাঁদের সম্পর্কে পারস্পরিক সন্দেহ ও তীব্র বিরোধ তৈরি হয়। এমনকি হত্যার মাত্র কিছুদিন আগেও সম্পর্কের অবনতির কথা উল্লেখ করে স্ত্রীর ওপর ক্ষোভের ইঙ্গিত দিয়েছিলেন আলতাফ।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের ভোরে মিনটোর নিজ বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নিলে গ্যারেজে নিরুপমা গুরুতর আঘাতের শিকার হন। তাঁর শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় দম্পতির ৬ ও ১০ বছর বয়সী দুই সন্তান ঘরের ভেতর ঘুমাচ্ছিল এবং তারা শারীরিকভাবে অক্ষত ছিল। ঘটনার পর আলতাফ এক পরিচিতজনকে ডেকে পাঠালে তাঁরা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে আলতাফকে আটক করে।
দীর্ঘ আইনি লড়ায়ের একপর্যায়ে আলতাফ হোসেন আদালতে দোষ স্বীকার করেন। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্টের বিচারপতি নিকোলাস চেন এই রায় ঘোষণা করেন রায়ের বিরুদ্ধে আলতাফ আপীল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত একই রায় বহাল রাখেন। এসময় বিচারক ঘটনাটিকে অত্যন্ত সহিংস আক্রমণ হিসেবে উল্লেখ করে তাঁকে ১৯ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে ১৪ বছর ৭ মাস প্যারোলবিহীন সময় নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, অপরাধ স্বীকার করায় তাঁর সাজার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।
একজন মায়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু সিডনির স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও তীব্র উদ্বেগের সৃষ্টি করেছিল।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST