
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল (২৩মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ০৩:০০টায় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলা। অনুষ্ঠান উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বইলর কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের সাথে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্টসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। সব মিলিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশাল এখন উৎসবমুখর হয়ে উঠেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST